রাজধানীর মৌচাক মোড়ে দেশ টিভি ও ভোরের কাগজ কার্যালয়ের সামনে পেট্রোল বোমা ও ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় দেশটিভিসহ ৩টি যানবাহনে আগুন দেয় তারা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশ টিভি-ভোরের কাগজ কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা দেশটিভির গাড়িসহ ৩টি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় তারা। একটি বাসেও হামলা চালায় সন্ত্রাসীরা।
এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসে।
ঘটনার সময় ক্লোজ সার্কিট ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজে দেখা যায়, এটি ১৫-২০ জনের একটি সঙ্গবদ্ধ দলের পরিকল্পিত অপারেশন। সময় ধরে সন্ত্রাসীরা দেশ টিভির সামনের রাস্তায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাজের সমন্বয় করেছে একজন টেলিফোনে নির্দশনার মাধ্যমে।
তারা দেশ টিভি ও ভোরের কাগজের অফিস বিল্ডিংয়ের প্রবেশ মুখে ও গ্যারেজের সামনে আগেই অবস্থান নেয়।
গাড়ি ভাঙার জন্য তারা ক্রিকেট স্ট্যাম্প একটি জায়গায় লুকিয়ে রেখেছিল। দলনেতার নির্দেশ পেয়ে তারা সেগুলো বের করে গাড়ি ভাঙতে শুরু করে।
পরে তাদের পেট্রোলবোমা ও ককটেল সরবরাহ করে আরেকদল। প্রথমে দেশ টিভির গাড়িতে পেট্রোলবোমা মারা হয়, এরপর সামনের রাস্তায় চলে ভাঙচুর।
এ সময় আগে থেকেই রাস্তায় দুই পাশে অবস্থান নেয়া সন্ত্রাসীরা চলমান যানবাহনে পেট্রোলবোমা ককটেল হামলা চালাতে থাকে ও গাড়ি ভাঙচুর করে।
পুলিশের পক্ষ থেকে জানা গেছে, মৌচাক ওভার ব্রিজ পয়েন্টে যে পুলিশদল প্রহরায় থাকে সন্ধ্যায় তাদের ডিউটি বদলের সময়টিতেই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।