তিস্তার পানিবণ্টর চুক্তি নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা হবে— জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে প্রেসবিফ্রিংয়ে সুব্রামানিয়াম জয়শঙ্কর এ কথা বলেন।
পরে পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে নতুন মাত্রায় নেয়া যায়, সে ব্যাপারে আলোচনার জন্যই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। প্রগাঢ় বন্ধুত্ব জোরদার করাই সফরের লক্ষ্য।
এদিকে, সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বিমসটেকসহ (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) দ্বিপক্ষীয় বিষয়ে শহীদুল হকের সঙ্গে আলোচনা হয়েছে।
শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব।
এর আগে বেলা ১১টার দিকে ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকায় আসেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সার্কযাত্রার অংশ হিসেবে জয়শঙ্কর ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনা অনুযায়ী দেশটির পররাষ্ট্রসচিব এই সার্কযাত্রা করছেন।
১ মার্চ ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের সার্কযাত্রার প্রথমপর্যায় শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে তিনি ভুটান থেকে সোমবার বাংলাদেশে আসেন। এরপর অন্য দেশগুলো সফর করবেন তিনি।
গত ২৯ জানুয়ারি ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জয়শঙ্কর।