নাগরিকদের নিরাপত্তার জন্য সন্ত্রাস, সহিংসতা ও জঙ্গিবাদ নির্মূলে সরকারকে প্রয়োজন হলে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে— জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশন ও স্বেচ্ছাসেবী সংস্থা পার্টনার্স ইন ডেভেলপমেন্ট (পিআইডি) আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
ড. মিজান বলেন, রাজনীতির নামে একটি গোষ্ঠী সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে দেশের সাধারণ মানুষসহ স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী-শিশু ও খেটে খাওয়া দিনমজুরদের স্বাভাবিকভাবে চলার অধিকার কেড়ে নিয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে নাগরিকরা শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছে— দেশের নাগরিকদের প্রতি ওই গোষ্ঠীর নূন্যতম মমত্ববোধ থাকলে রাজনীতির নামে এ সহিংসতা তারা চালাতে পারতেন না।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান এর আগে মাগুরা সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, সহিংসতা ও চাঞ্চল্যকর হত্যার ঘটনায় দেশে মুক্ত চিন্তার পরিবেশ বিঘ্নত হচ্ছে। লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যার দ্রুত বিচার ছাড়াও সরকারের উচিত এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়া।
তিনি বলেন, আন্দোলনের নামে যেসব ঘটনা ঘটছে তা সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদ। যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছে, সেই সন্ত্রাসীদের সাথে কোনো সংলাপ করার অর্থ হচ্ছে সন্ত্রাসবাদের কাছে মাথা নত করা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আবু জায়েদ মোহাম্মদ।