চলমান নাশকতা- সহিংসতার ঘটনার বিচারকাজ শিগগিরই শুরু হচ্ছে আর এজন্য বিশেষ আদালতে বিচারক নিয়োগের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার রাজধানীতে নিবন্ধন পরিদপ্তরের এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
এদিকে, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানির দিনক্ষণ আপিল বিভাগ ঠিক করবে বলে জানিয়েছেন তিনি।
আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্যানুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের হরতাল, অবরোধের গত ৫৯ দিনে ১১৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে পেট্রোল বোমায় পুড়ে নিহতের সংখ্যা ৬২। ৫ শতাধিক সহিংসতার ঘটনায় প্রায় ১৩০০ গাড়ি ভাঙচুর ও জ্বালিয়ে দেয়া হয়েছে।
রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী এ নাশকতার বিচার দ্রুতই শেষ করতে চায় সরকার। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন প্রচলিত আইনেই বিশেষ বিবেচনায় নিয়ে এদের বিচার করা হবে।
এর আগে নিবন্ধন পরিদপ্তরের কর্মকর্তাদের ভূমি সংক্রান্ত বিষয়ে জনগণের ভোগান্তি কমিয়ে আনার দিক-নির্দেশনা দেন তিনি।