জঙ্গি লেলিয়ে, বোমা মেরে, হত্যা করে বিএনপি নেত্রী বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখতে পারবে না—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গির নেত্রী, তার শাস্তি এদেশের মাটিতেই হবে। শনিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, একাত্তরের পরাজিত শক্তির দোসররা আবার বাংলাদেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষ, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষকে হত্যা করছে। এ সভায় আসার সময়ও বিভিন্ন মিছিলের ওপর বোমা হামলা হয়েছে। এটা কারা করেছে, বিএনপি নেত্রী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের মামলা মোকাবেলা করতে ভয় পান বলেই আদালতে না গিয়ে নিজেকে অবরুদ্ধ করে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার সহ্য করবেনা হুঁশিয়ার করে, যারা এই নাশকতায় সহায়তা করছে তারাও শাস্তির হাত থেকে রেহাই পাবে না।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে হত্যার নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়ার নামে যে মামলা হয়েছে অবশ্যই তার বিচার করা হবে। যারা বিএনপি-জামাতের হত্যাকে প্রশ্রয় দিচ্ছেন তাদেরকেও শাস্তি পেতে হবে।
তিনি আরো বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বিএনপি জামাত জোট যেমন দশম জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে পারেনি, এখনো তেমন তাদের সন্ত্রাসী কার্যক্রম দেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিযোগ করেন, আবারো পাকিস্তানী ভাবধারার রাষ্ট্র প্রতিষ্ঠায়, পাকিস্তানের দোসররা দেশে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা শুরু করেছে।