সন্ত্রাসীদের রুখতে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান।
রোরবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশের বর্তমান পরিস্থিতিতে " হুমকির মুখে মানবাধিকার: আমাদের করণীয় " শীর্ষক এক সেমিনারের এ কথা বলেন তিনি।
তবে মানবাধিকারের মৌলিক বিষয়গুলো যাতে লঙ্ঘিত না হয় সে দিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে বলে মনে করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে সন্ত্রাসীদের রুখতে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের কথা বলেন তিনি।
এদিকে, অনুষ্ঠানে আসা বক্তারা দেশের অস্থতিশীল পরিস্থিতি নিরসনে শিগগিরই হরতাল -অবরোধ বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন।
এতে হরতাল, অবরোধ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে নানা মতামত ব্যক্ত করেন বক্তারা।
ধর্মভিত্তিক রাজনীতির কারণে দেশে একের পর এক রাজনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
দেশে এখনো স্বাধীনতাবিরোধীরা সোচ্চার রয়েছে উল্লেখ করে, তারা রাজনীতির নামে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেন বক্তারা।
এই পরিস্থিতিতে জনগণকে সম্পৃক্ত রেখে একটি জাতীয় সংলাপেরও পরামর্শ দেন অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক মেজবা কামাল।
হরতাল অবরোধের কারণে তরুণ প্রজন্ম হুমকির মুখে পড়ছে উল্লেখ করে সকল রাজনৈতিক দলকে সহনশীল হওয়ার আহ্বান জানান তারা।