নেচে গেয়ে, রং মেখে আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অবিস্মরণীয় বিজয় উদযাপন করছে রাজধানীবাসী। সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় বিজয় মিছিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ আহ্বান সাড়া দিয়ে মঙ্গলবার দিনভর রাজধানীর রাজপথে উচ্ছ্বাস প্রকাশ করেছে আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ। যথারীতি এর মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। নেচে-গেয়ে, বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত গোটা ক্যাম্পাস।
এসব কর্মসূচিতে অংশ নেয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। ক্যাম্পাসে বিজয় মিছিল করে ছাত্রলীগ।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলপূর্ব সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এ বিজয় ধরে রাখতে হবে।
পরে বের হয় মহানগর আওয়ামী লীগের বিজয় মিছিল।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগ। মতিঝিল থেকে বের হয় শ্রমিক লীগের বিজয় মিছিল। আর এ মিছিলগুলোতে নেই কোনো রাজনৈতিক শ্লোগান। কোরাসে একটাই আওয়াজ, বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় বিজয় মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী এবং পেশাজীবী সংগঠনগুলো।
রাজধানীর মৌচাক, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে এ বিজয় মিছিল করে দলের নেতা-কর্মীরা। দুপুরে মালিবাগ রেলগেট থেকে মৌচাক মার্কেট পর্যন্ত মিছিল করে স্বেচ্ছাসেবক দল। এছাড়া প্রেসক্লাবে বিজয় মিছিল করে বিএনপিপন্থি বিভিন্ন পেশাজীবীরা।
বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠায় আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পযর্ন্ত হরতাল সিথিল করে বিজয় মিছিল কর্মসূচির ঘোষণা দেয় ২০ দল।
এদিকে, বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোয়াটার ফাইনাল নিশ্চিত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ থেকে জাতীয় পতাকা হাতে বিজয় মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এদিকে, কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সামনে থেকে সকালে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে সকল শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোয়াটার ফাইনাল খেলা নিশ্চিত হওয়ায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিজয় মছিল বের করা হয় নীলফামারী, নড়াইল, সুনামগঞ্জেও।