আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতে আত্মসমর্পণ না করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছেড়ে দেবে না জনগণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির এ নাশকতার বিরুদ্ধে সাধারণ মানুষকে জেগে ওঠার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, হুকুম দিয়ে মানুষের জীবন ধ্বংস করছেন খালেদা জিয়া।
খালেদা জিয়া দেশের আইন মানছেন না— এ কথা উল্লেখ তিনি আরো বলেন, অবরোধ-হরতালের নামে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছেন বিএনপি নেত্রী। এদেশের মানুষের জীবনকে সুন্দর করতেই তার রাজনীতি।
জনগণকে ঐক্যবদ্ধ শক্তি দিয়ে বিএনপি-জামাতের সহিংসতা রুখে দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে হরতাল-অবরোধে সহিংসতায় নিহত ৪ জনের পরিবার ও পেট্রোলবোমায় দগ্ধ ৩৩ জনকে ৩ কোটি ৮৫ লাখ টাকার পরিবারিক সঞ্চয়পত্র প্রদান করেন শেখ হাসিনা। এছাড়াও হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত ২৭০টি গাড়ির ১৯৯ জন মালিককে এক কোটি ৫৭ লাখ ৮ হাজার টাকার চেক প্রদান করেন তিনি।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শন করে পেট্রোলবোমায় দগ্ধ ৫০ জনকে ৫ কোটি টাকার পারিবারিক সঞ্চয় পত্র ও গত ২৫ ফেব্রুয়ারি ১৪৬ জন বাস মালিককে ৪ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার চেক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই দফায় এ পর্যন্ত ১৪ কোটি ৬২ লাখ ৭৩ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী।