যুক্তরাষ্ট্র রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সন্ত্রাসকে সমর্থন করে না বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক গত মাসের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করার সময় তিনি এ কথা বলেন।
গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৈঠক করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী জন কেরির সঙ্গে। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
জন কেরিকে মাহমুদ আলী জানিয়েছেন, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। এর প্রশংসা করে জন কেরি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বরাবরই সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে। বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা চাইলে, আইন অনুযায়ি যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে মাহমুদ আলীকে জানান জন কেরি।
গত ৩ থেকে ৭ মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ২৮তম অধিবেশনে অংশ নেওয়ার বিষয়টিও মন্ত্রিসভাকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন আইন ২০১৫'র খসড়ায় চূড়ান্ত অনুমোদন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন ২০১৫'র খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়।