প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে স্বামী নিখোঁজ স্বামী সালাহ উদ্দিন আহমদেরকে খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও বিশেষ নির্দেশনা কামনা করেছেন তার স্ত্রী হাসিনা আহমদ।
হস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বরাবর দেয়া স্মারকলিপিতে হাসিনা আহমদ এসব ইচ্ছার কথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চার নম্বর গেটের স্মারকলিপি গ্রহণের নিয়মিত শাখায় তিনি এটি জমা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আবদুল হামিদ তার দেয়া স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যসহ উৎসুক মানুষের ভিড় ছিল।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হাসিনা আহমদ বলেন, ‘আশা করি, শত ব্যস্ততার মাঝেও মহানুভবতার সাথে আমাকে সাক্ষাতের জন্য আপনার মূল্যবান সময় প্রদান করে, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।’
স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, ‘আপনার কাছে আকুল আবেদন, আমার পরিবার, আমার সন্তানদের কথা বিবেচনা করে, প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষার নিমিত্তে ও সর্বোপরি মানবিক কারণে, আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ, বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি। ’ তিনি বলেন, ‘আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন বা তাঁর বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাকে অবিলম্বে আদালতে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করা হোক।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কোনো মহল থেকে খবর না পেয়ে তিনি প্রধানমন্ত্রীকে এ স্মারকলিপি দিয়েছেন বলে সেখানে উল্লেখ করেন। হাসিনা আহমদ বলেন, ‘আশা করি, একটি হতবিহ্বল ও কিংকর্তব্যবিমূঢ় পরিবারের দুঃসহ যন্ত্রণা আপনার হৃদয় স্পর্শ করবে ও আপনার সুদৃষ্টি আকর্ষণ করবে। ’
স্মারকলিপি জমা দিয়ে হাসিনা আহমদ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী একজন নারী। স্বামীকে খুঁজে না পাওয়ার কী বেদনা আশা করি তিনি সেটা বুঝবেন। ’ এ সময় হাসিনা আহমেদকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। তিনি কথা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছিলেন। তার সঙ্গে সালাহ উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন ও বোন শামীম আরা (জ্যোৎস্না) উপস্থিত ছিলেন।
সালাহ উদ্দিনের স্ত্রীর অভিযোগ, ১০ মার্চ রাত নয়টা থেকে ১০টার মধ্যে উত্তরা-৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যান।