বিজ্ঞান মনস্ক লেখক অভিজিত রায় হত্যাকাণ্ডে তারিক ফারসীম মান্নান নামে বুয়েটের এক শিক্ষক জড়িত বলে আবারো সন্দেহ প্রকাশ করছেন নিহতের বাবা অজয় রায়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে অভিজিৎ হত্যার প্রতিবাদে নাগরিক কমিটি আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
সেইসঙ্গে এ হত্যাকাণ্ডে শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন অধ্যাপক অজয় রায়।
অভিজিৎ হত্যার তদন্তে ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করে অজয় রায় বলেন, হত্যার কিছু আলামত পরিবারের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপরও এক মাসে তদন্তে কোনো অগ্রগতি হয়নি।
তিনি আরো বলেন, হত্যার সঙ্গে বিজ্ঞানভিত্তিক মাসিক পত্রিকা ‘জিরো টু ইনফিনিটর’ উপদেষ্টা ফারসিন মান্নানের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অভিজিত হত্যার সঙ্গে মৌলবাদী ছাত্র সংগঠন শিবিরের সরাসরি সম্পৃক্ততাও রয়েছে।
সমাবেশে দেশের প্রগতিশীল রাজনীতিক, কলামিষ্ট, সাহিত্যিক, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, যেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেই তথ্য প্রযুক্তিই কাজে লাগিয়ই এগিয়ে যাচ্ছে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী; প্রভাব খাটানো চেষ্টা সমাজের ওপর।
মৌলবাদী এসব গোষ্ঠীকে রুখতে এখনই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর জোড় দেন তারা।