আন্দোলনের নামে যারা ভূমি অফিসে আগুন দিচ্ছেন তাদের খুঁজে বের করে জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।
এ সময় বিএনপি-জামাত জোটের চলমান অবরোধে জানমালের ক্ষয়ক্ষতিতে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জেলা- উপজেলায় ভূমি অফিসগুলোতেও কারা আগুন দিচ্ছে। এর অর্থটা কী? দলিলপত্র পুড়িয়ে ফেলার কী রহস্য থাকতে পারে? তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।
গোয়েন্দা সংস্থাকে বলছি-যে করেই হোক এদের খুঁজে বের করতে হবে— যারা আগুন দিয়ে জমির দলিলপত্র পোড়াচ্ছে তাদের, তাদের বাপ-দাদার যতো জমি আছে সব বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, একটি রাজনৈতিক দল যাদের নামের সাথে ইসলাম শব্দ যুক্ত আছে এবং তাদের দোসর বিএনপি মিলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে- এটা তো গণহত্যার শামিল। তারা গণহত্যাই চালাচ্ছে।