অন্তঃসত্ত্বা নারী ও শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুর স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে দুই হাজার ৩৭৭ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করবে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই দুই মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ প্রকল্পের অধীনে আগামী পাঁচ বছরে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, ময়মনসিংহ ও শেরপুর এ সাতটি জেলার ৪২টি উপজেলার ৪৪৩টি ইউনিয়ন পরিষদে দরিদ্র মা ও শিশুরা এই অর্থসহায়তা পাবে।
এ প্রকল্পের আওতায় ছয় লাখ মা অর্থসহায়তা পাবেন। তাদের খুঁজে বের করা হবে বাংলাদেশ পভার্টি ডেটাবেজ অনুসরণ করে। এ প্রকল্পের আওতায় যে ধরনের সহায়তা দেয়া হবে, তা হলো গর্ভকালীন সময়ে চারবার স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিবার ২০০ টাকা, শূন্য থেকে ২৪ মাস বয়সী শিশু ঠিকমতো বেড়েছে কি না-এ পরীক্ষা করালে প্রতিবার ৫০০ টাকা, ২৫ থেকে ৬০ মাস বয়সী বাচ্চারা ঠিকমতো বেড়েছে কি না-তিন মাস পর পর এ পরীক্ষা করালে প্রতিবার এক হাজার টাকা, অন্তঃসত্ত্বা নারী ও মায়েরা প্রতি মাসে শিশু পুষ্টি ও উন্নত শিক্ষাবিষয়ক কর্মশালায় অংশ নিলে প্রতিবার ৫০০ টাকা।
এজন্য মায়েদের একটি স্মার্টকার্ড দেয়া হবে। পোস্টাল ক্যাশ কার্ড নামক এ স্মার্ট কার্ডের মাধ্যমে মায়েরা নিজেরাই টাকা তুলে নিতে পারবেন কোনো মাধ্যমের প্রয়োজন হবে না।