একটি গোষ্ঠী বা দলের জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তা হতে পারে না— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদী কার্যক্রম নয়, দেশের মানুষ উন্নতি চায়।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার ২০১৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তার সরকার কাজ করে যাচ্ছে।
নিজেদের রাজনৈতিক ভুলের কারণে একটি দল জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে অভিযোগ করে এ থেকে উত্তরণে সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
এ বছর মহান মুক্তিযুদ্ধসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ ক্যাটাগরিতে ৭ জনকে দেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।
স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য কমান্ড্যান্ট মানিক চৌধুরী, শহীদ মামুন মাহমুদ ও শাহ এএমএস কিবরিয়াকে মরণোত্তর, সাহিত্যে অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিতে আবদুর রাজ্জাক, গবেষণায় ড. মো. হোসেন মণ্ডল ও সাংবাদিকতায় সন্তোষ গুপ্তকে মরণোত্তর।
এছাড়াও অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বিশিষ্টজন ও তাদের স্বজনদের প্রত্যেকের হাতে স্বর্ণপদক, দুই লাখ টাকা ও একটি সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
তাদের এ প্রাপ্তি নতুন প্রজন্মের জন্য প্রেরণা বলে জানান অধ্যাপক আনিসুজ্জামান।