স্বাধীনতা দিবস উপলক্ষ্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত ‘স্বাধীনতা জাদুঘর’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে। বুধবার রাজধানীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
এছাড়া স্বাধীনতা জাদুঘর সংলগ্ন এলাকায় ‘মুক্তিযুদ্ধ ও গণহত্যা ১৯৭১’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রপ্রদর্শনীর উদ্বোধনও করেন তিনি।
স্বাধীনতা স্তম্ভের পাশে স্থাপিত ভূ-গর্ভস্থ এই জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেয়া উপলক্ষে মন্ত্রী বলেন, ২৬ মার্চ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মিত জাদুঘর সবার জন্য উন্মুক্ত হচ্ছে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণসহ নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী স্বাধীনতা স্তম্ভ বলয়ের গুরুত্বও সংবাদ সম্মলেন তুলে ধরেন আসাদুজ্জামান নূর।
সংবাদ সম্মেলন শেষে জাতীয় জাদুঘর আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও গণহত্যা ১৯৭১’ শীর্ষক চিত্র প্রদশর্নীর উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর। এরপর ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেন তিনি।
ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘরে স্বাধীনতার ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে ১৪৪টি প্যানেলে উপস্থাপন করা হয়েছে।