জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহিংসতা-সন্ত্রাস দমন করে অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ।
শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনটির প্রথম সম্মেলনে বক্তারা সরকারের প্রতি এ দাবি জানান।
সেইসঙ্গে জঙ্গি কর্মকাণ্ড ও তাদের অর্থের যোগান বন্ধ করতে সরকারকে আরও উদ্যোগী হতে বলেন তারা। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কথাও বলেন তারা।
সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, দেশের শান্তিপ্রিয় নাগরিকদের সুরক্ষার কথা বলা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলাই এই সংগঠনের উদ্দেশ্য।
দেশের চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে সকল নাগরিকের পক্ষ থেকে এ অবস্থা থেকে উত্তরণে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি।
মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান সেমিনারে আসা বক্তারা।
আর এ কাজে দেশের সকল নাগরিকদের একাত্ম হতেও সম্মেলন থেকে আহ্বান জানানো হয়।