বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রায় তিন মাসের টানা অবরোধ আর দফায় দফায় হরতালে ৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার সভাপতি এম এ হামিদ শরিফ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘গভীর বাণিজ্য সঙ্কটে রিকন্ডশন্ড গাড়ি ব্যবসা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রায় তিন মাস ধরে ২০ দলের টানা অবরোধ আর দফায় দফায় হরতালে চলছে জালাও-পোড়াও সহ সহিংসতা। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতির শিকার ব্যবসা-বাণিজ্য।
এ সময় শরিফ আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার অচলাবস্থায় গত তিন মাস ধরে চট্টগ্রাম ও মংলা বন্দরে আমদানিকৃত প্রায় ৭ হাজার ৮শ ২৮ ইউনিট গাড়ি আটকে রয়েছে। এতে ব্যাংকের লগ্নিকৃত অর্থের সুদ ও আসল পরিশোধ করতে পারছেন না ব্যবসায়ীরা, ফলে ঋণ খেলাপি হয়ে তাদের দেওলিয়া হওয়ার উপক্রম হয়েছে।
এসব গাড়ির জন্য এ পর্যন্ত প্রায় ১৫ কোটি টাকা বাড়তি গুণতে হচ্ছে। এর সঙ্গে আবার ব্যাংক ঋনের সুদ পরিশোধ করতে না পারায় ঋনখেলাপিতে পরিণত হচ্ছে। এ পরিস্থিতিতে সুদ মওকুফ ও ঋন পরিশোধের মেয়াদ বাড়ানোর দাবি জানান তিনি।
এ সময় আটকে থাকা গাড়ির স্বাভাবিক নিলাম প্রক্রিয়া বন্ধের নির্দেশ ও রাজনৈতিক সহংসতা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।