স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে সম্পূরক এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সিটি করপোরেশন নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিবে সরকার সেভাবেই চলবে—নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার তাদের সহযোগিতা করবে বলে জানান প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদে সম্পূরক এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরো বলেন, স্থানীয় সরকারের মধ্যে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে মনোনয়ন দেয়া উচিত।
আইনের সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থা করতে জাতীয় সংসদে স্পিকারের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামাতের উদ্দেশ্য ছিল ঢাকার বাজারে সবকিছুর সরবরাহ বন্ধ করে দেয়া তবে তাদের সেই লক্ষ্য সফল হয়নি।
বিশ্বব্যাপী চলা জঙ্গিবাদ অনুসরণ করে চলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
খালেদা জিয়ার নির্দেশিত ‘ভুল’ পথে বিএনপি ‘নিশ্চিহ্ন’ হওয়ার পথে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, তিনি (খালেদা জিয়া) ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে যেমন ভুল করেছেন, তেমনি এখন যে দেশের মানুষ তার সাথে নেই, তা বুঝেও না বোঝার ভান করছেন।
শেখ হাসিনা বলেন, তার (খালেদা জিয়া) এই কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে, আর এটাই হবে তার কথিত আন্দোলনের পরিণতি।
তিনি আরো জানান, বিএনপি জোটের ৮৫ দিনের কর্মসূচিতে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে ১৩০ জন নিহত এবং সহস্রাধিক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। এই সময়ে ২ হাজারের বেশি গাড়িতে আগুন দেয়া হয়েছে।
এটা দেশের চলমান অর্থনৈতিক অগ্রগতিকে রুখে দেয়া গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়— এ নৈরাজ্য দীর্ঘদিন চলতে দেয়া যায় না তাই জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।