আন্তর্জাতিক সেবা নিতে এখন আর রোগীদের দেশের বাইরে যেতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, একজন রোগী ডাক্তারের চিকিৎসা নেন বটে তবে একজন নার্সের হাতের স্পর্শে, সেবাযত্নই একজন রোগীকে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার প্রেরণা যোগায়।
তিনি আরো বলেন, শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। এ জন্য পদ সৃষ্টি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজে বেসিক কোর্সে ২৪ ও পোস্ট বেসিক কোর্সে ৪০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ নভেম্বর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোশ্রী মোহাম্মদ নজীব বিন তুন আব্দুল রাজাক ও শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহ-সভাপতি শেখ রেহানা।