স্বাধীনতা বিরোধীদের নাশকতা ও সহিংসতা বিবেচনায় নিয়ে পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন করতে দেশব্যাপী নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে বলে জানিয়েছেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ।
রোববার বিকেলে রমনা বটমূল অনুষ্ঠান স্থলের নিরাপত্তা ব্যবস্থ ঘুরে দেখার পরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা গ্রহণ করছে ঢাকা মহানগর পুলিশ। থাকছে অনুষ্ঠান স্থলে ক্লোজ সাকির্ট ক্যামেরার সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা।
চিরায়ত বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে চলছে দেশব্যাপী উৎসব উদযাপনের প্রস্তুতি।
দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, শোভাযাত্রা ও নানা অনুষ্ঠান উদযাপন আয়োজনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাও।