শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মোবাইলফোনে মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নম্বর ৮১৭।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী রোববার এ তথ্য জানান।
তিনি বলেন, দুই-তিন দিন আগে মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়েছে।
মোবাইল মেসেজে পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ, অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেয়াসহ কয়েকটি অভিযোগ করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, এ কারণে ভুয়া চিকিৎসক তৈরি হচ্ছে। ভুল চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। এ কারণে শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে ওই মেসেজে উল্লেখ করা হয়। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেয়া হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জিডির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।