পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা— বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার বিকেলে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে এ কথা জানান তিনি।
বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে রমনার বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা— বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, রাজধানীতে উন্মুক্ত স্থানে বর্ষবরণ অনুষ্ঠান বিকেল সাড়ে ৫টার মধ্যে শেষ করতে হবে। রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠানস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে বলেও জানান তিনি।
সোমবার বিকেলে রমনা বটমূলে বাংলা নববর্ষ বরনের অনুষ্ঠান মঞ্চ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় এক মহড়ায় রোবট দিয়ে একটি বোমা নিষ্ক্রিয় করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এরপর এক ব্রিফিঙে প্রতিমন্ত্রী জানান, পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদযাপনের জন্য বিভিন্ন বাহিনীর মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। এরপরও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে।
তিনি আরো জানান, পহেলা বৈশাখ সকালে রমনা বটমূলে আসা নগরবাসীকে বাতাসা ও ফুল দিয়ে আমন্ত্রণ জানাবে মহানগর পুলিশ।