অতীতের সব হানাহানি ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সন্ত্রাস ও হিংসামুক্ত একটি অসাম্প্রদায়িক দেশ গঠনের শপথ নিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন তারা।
মঙ্গলবার রাজধানীর বাহাদুর শাহ পার্কে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা শেষে এ কথা বলেন তারা।
এ সময় আন্দোলনের নামে যারা পেট্রোলবোমায় মানুষ হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
অতীতের সব ভেদাভেদ ভুলে নতুন বছরকে বরণ করতে এবারও বিভিন্ন রঙের মুখোশ, ব্যানার নিয়ে শোভাযাত্রাটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নতুন বছরে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান মহানগর নেতারা।
এদিকে, ফেনীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সতর্ক করে বলেন, সহিংস রাজনীতির পথ থেকে সরে আসা সাময়িক কৌশল হলে আগামীতে আরো বড় ভুল করবে বিএনপি।