এশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামী ২১ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘এশিয়া -আফ্রিকা শীর্ষ সম্মেলন’।
সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাস্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
এ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এশিয়া ও আফ্রিকার ২৮ জন রাষ্ট্র ও সরকার প্রধানসহ ৬৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেবে এ সম্মেলনে। ২২ এপ্রিল প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।
শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন তিনি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি গুরুত্বপাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য।
সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি চীন, জাপান, ইন্দোনেশিয়াসহ বেশ কটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, ইয়েমেন থেকে মঙ্গলবার রাতে ১৩৭ জন বাংলাদেশি ফেরত আসার কথা রয়েছে।