বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আসামি করে থানায় মামলা করেছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। সোমবার রাতে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।
এ মামলায় বাদী হয়েছেন ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক।
মামলার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, বেআইনিভাবে সংঘবদ্ধ হওয়া, হত্যার উদ্দেশ্যে আঘাত ও গুরুতর জখম করা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে বিএনপির অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে জহিরুল হক নামে একজন বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে কারওয়ান বাজারে যান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে এক পথসভায় ভাষণ দেয়ার সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ সময় কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের মধ্যে কয়েকজন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ও বুধবার ঢাকা-চট্টগ্রাম মহানগর বাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।