বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও নিরাপত্তা কর্মীদের আহত হওয়ার ঘটনায় ঘটনায় মামলা করেছে বিএনপি। মঙ্গলবার তেজগাঁও থানায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বেলা ১২টার দিকে অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। মামলার নম্বর ৪০। এজাহারে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন এবং দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া তেজগাঁও থানায় যান।
তারা গাড়িবহরে হামলার ঘটনায় খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা সমন্বয়ক মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরের সই করা অভিযোগটি থানায় জমা দেন।
পরে থানা থেকে বেরিয়ে সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, সোমবার বিএনপির চেয়ারপারসনকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা হয়েছে। তার গাড়িতে গুলিও করা হয়েছে। এতে অনেক নেতাকর্মী আহত হন। এ বিষয়গুলো এজাহার আকারে জমা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাতে কারওয়ান বাজার এলাকায় যান খালেদা জিয়া। সেখানে এক পথসভায় বক্তব্য রাখার সময় তার গাড়িবহরে হামলা চালায় অজ্ঞাত ব্যক্তিরা। এ সময় বহরের ১০টি গাড়ি ভাংচুর করা হয়। আহত হন বিএনপির একাধিক নেতাকর্মী।