বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) বাড়াবাড়ির কারণেই জনতা বিক্ষুব্ধ হয়ে তার গাড়িবহরে হামলা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তবে তদন্ত করে এর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া কারওয়ানবাজারের যে স্থানে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন, দুই মাস আগে সেখানে বিএনপি কর্মীদের পেট্রোলবোমার আগুন জ্বলেছে। সে কারণে জনতা কালোপতাকা দেখাতেই পারে। তার নিরাপত্তা বাহিনী জনগণের ওপর ক্ষিপ্ত হওয়ায় তার ওপর হামলা চালায়।
এ ঘটনায় মামলা হচ্ছে বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খান কামাল।
এছাড়া খালেদা জিয়ার নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন চাইলে সব ধরনের নিরাপত্তাই দেয়া হবে।