ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বৃহস্পতিবার এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে চতুর্থ প্লেনারি সেশনে যোগ দিয়ে কো-চেয়ারের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে সহ কো-চেয়ারের দায়িত্ব পালন করেন মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহবুব।
জাকার্তা কনভেনশন সেন্টারে আজ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের মাধ্যমে উভয় মহাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত এবং অভিন্ন সমস্যাগুলো সমাধানে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন আফ্রো-এশিয়ান নেতারা।
কর্মকর্তারা বলেন, বানদুং বার্তা, এন.এ.এ.এস.পি. নবায়ন এবং ফিলিস্তিনকে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর সমর্থনের ঘোষণার মধ্য দিয়ে শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
প্লেনারি সেশনের পর ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ড. রামি হামদাল্লার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গেও শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বিকেলে ঢাকার উদ্দেশে জাকার্তা ত্যাগ করবেন শেখ হাসিনা।