সিটি করপোরেশন পরিচালনার জন্য নগর সরকার গঠনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল আলোচনায় এ কথা জানানো হয়।
‘নগর সরকারই সমাধান’ এ প্রতিপাদ্যে আলোকে মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের জাতীয় কমিটির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর।
তিনি বলেন, এর জন্য উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। তবে সিটি নির্বাচনের আগ মুহূর্তে এমন দাবির বিরোধিতাও করেছেন কেউ কেউ। ঢাকা মহানগরের সুশাসন নিশ্চিত করতে হলে নগর সরকার ব্যবস্থার বিকল্প কিছু হতে পারে না।
পরে আলোচনায় নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ রাখতে হবে। তবে এটি এ মুহূর্তে নয়। যেহেতু সিটি নির্বাচন সন্নিকটে, সেহেতু এ মুহূর্তে এমন ধারণা বিভ্রান্তির জন্ম দিতে পারে।
এ সময় সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, মেয়র চাইলেও দলীয় সরকারগুলো নগর সরকার হতে দেয় না।
নির্বাচনে নগর সরকার সম্পর্কে প্রার্থীদের সুস্পষ্ট বক্তব্য নেই বলেও অভিযোগ করেন তিনি।