বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো পারফর্ম করায় শনিবার গণভবনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপের আগে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন ক্রিকেটাররা। সেই প্রতিশ্রুতি রক্ষা করায় খেলোয়াড়দের ও বোর্ড কর্মকর্তাদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।
ওয়ান ডে ও টি-টুয়েন্টিতে সাফল্যের জন্য জাতীয় ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের জন্য সুনাম বয়ে আনায় খেলোয়াড় ও বোর্ড কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় বড় দলকে পরাজিত করার মানসিক প্রস্তুতি নিতেও জাতীয় দলকে এ সময় পরামর্শ দেন শেখ হাসিনা।
বাংলাদেশ দল টেস্টেও পাকিস্তানকে পরাজিত করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আগামীতে যে কোনো বড় দলকে পরাজিত করার আত্ম-বিশ্বাস বাড়িয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।
ওয়ানডে, টেস্ট ও টি টুয়েন্টির জন্য আলাদা আলাদা দল গঠনের জন্যও বাংরাদেশ ক্রিকেট বোর্ডকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পরে কেক কেটে দিনটি উদযাপনের পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।
এদিকে, পূর্বাচল, কক্সবাজার ও মানিকগঞ্জে ক্রিকেটের নতুন স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও খেলোয়াড়দের জন্য কল্যান ট্রাস্ট গঠনের কথা জানিয়েছেন তিনি।