বিএনপির সন্ত্রাস-নাশকতার জবাব জনগণ সিটি নির্বাচনে নীরবে দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচনী প্রচারে নামায় এবং সংবাদ সম্মেলন করায় বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট কমেছে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলনে অবলীলায় নির্জলা মিথ্যাচার করেছে— উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এদেশের রাজনীতিতে মিথ্যাচারের প্রবর্তক খালেদা জিয়া। গত ৯৩ দিনে যে জঙ্গিবাদী কার্যক্রম খালেদা জিয়ার নির্দেশে হয়েছে তাতে বিএনপি দলটির তার রাজনৈতিক দর্শন থেকে বিচ্যুতি ঘটেছে।
বিএনপির ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলেও মনে করেন সুরঞ্জিত।
তিনি বলেন, সিটি নির্বাচনের ফলাফলে বিএনপি এটি বুঝতে পারবে।
এদিকে, ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, নিজ দলের প্রার্থীদের জেতার কোনো উপায় নেই দেখে বিএনপি নেত্রী দেশকে অস্থিতিশীল করার জন্য মিথ্যাচার করেছেন।
আমু আরো বলেন, খালেদা জিয়া নিজ নেতৃত্বের ব্যর্থতা ঢাকার জন্য মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ কারচুপির নির্বাচনে বিশ্বাস করে না বলেই উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা জিততে পেরেছে।
এ সময় আমু অভিযোগ করে বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে সিটি নির্বাচনের আগে খালেদা জিয়া মিথ্যার আশ্রয় নিয়েছেন।