বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধে নাশকতার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে করা মামলা দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে বগুড়া ও সাতক্ষীরা জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশ দেন।
দেশের বিভিন্ন জেলার সমস্যা ও সরকারি কর্মকাণ্ডের খবরা-খবর জানতে নিয়মিত ভিডিও কনফারেন্সে এবার বগুড়া ও সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বিগত দিনে সাতক্ষীরা জেলায় জামাত-শিবিরের সহিংসতা মোকাবেলা করার জন্য আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
ভবিষ্যতেও এ ধরনের ঘটনা যাতে না ঘটাতে পারে সেজন্য নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট গঠন করে শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন শেখ হাসিনা।
প্রত্যন্ত অঞ্চলেও সরকারের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি আগামী বাজেট ঘোষণার আগেই উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ দেন।
এছাড়া খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রতিটি জেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের জায়গা নির্ধারণ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এর আগে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।