ঢাকার দুই সিটি নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে পুলিশ ও র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব)। মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এ দাবি করেন আইজিপি ও র্যা ব ডিজি।
কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।
রাজধানির ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসে ভোট গ্রহণ নির্বিঘ্নে হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোনো বিশৃঙ্খল পরিস্থতির সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
আর র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, সিটি নির্বাচন উপলক্ষে তিন মহানগরীতে যান চলাচলে নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। ঢাকা ও চট্টগ্রাম সিটিতে পুলিশ, র্যা ব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ হাজার সদস্য মোতায়েন রয়েছে।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ ও র্যা বের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় তিন সিটিতে মোতায়েন রয়েছে ১০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে ভোটের দিন সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানান কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। কমিশনের এ নিষেধাজ্ঞা মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।