ক্ষমতার অপব্যবহার না করে বিরোধীদলসহ ও নগরবাসী সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন।
বুধবার রাজধানীতে আওয়ামী লীগের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নগরীর প্রধান সমস্যগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করা হবে—এ কথা উল্লেখ করে খোকন বলেন, যানজট নিরসনে বিশেষ গুরত্ব দেয়া হবে।
আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই নির্বাচনে যারা তার হয়ে কাজ করেছেন তাকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সাঈদ খোকন। এ সময় ধন্যবাদ জানান গণমাধ্যম কর্মীদেরও।
একজন মেয়র হিসেবে বিরোধীদল, নগরবাসীসহ সবাইকে সম্মানের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ঢাকা গড়ে তোলাই তার লক্ষ্য।
এ সময় ঢাকা সংলাপের ওপর গুরত্ব দিয়ে সাঈদ খোকন বলেন, সবশ্রেণি পেশার মানুষদের সঙ্গে নিয়ে সংলাপের মাধ্যমে নগরীর সমস্যা ও এর করণীর নির্ণয় করে তা সমাধানে কাজ করা হবে।
পরে ঢাকা মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।