সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও বিএনপির বর্জনে আবারও হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাগিদ দিয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা সুরাহা করে পরবর্তী নির্বাচনগুলোতে স্বচ্ছতা, অবাধ, নিরপেক্ষতা বজায় রাখার।
শুক্রবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চতুর্থ অংশীদারিত্ব সংলাপ শেষে এসব কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।
চতুর্থ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ শেষে ওয়েন্ডি শারম্যান সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় সংলাপের আলোচ্য বিষয়ের ব্যাপারে কথা বলার পর জবাব দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের।
এক প্রশ্নের জবাবে, সদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন।
পরে দুপুরে ওয়েন্ডি শারম্যান মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সুশীল সমাজের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে, বিকেলে বিরোধীদলের নেত্রী রওশন এরশাদের সঙ্গে তার বাসভবনে দেখা করেন ওয়েন্ডি। বৈঠক শেষে বিরোধীদলের চিফ হুইপ জানান, বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান বাংলাদেশের জনগণকেই করার পরামর্শ দিয়েছেন ওয়েন্ডি শারম্যান।