শ্রমিকদের মুজরি বৃদ্ধিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আবারও মঞ্জুরি কমিশন ঘোষণা করা হবে। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ট্রেড ইউনিয়ন করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে সকলকে কাজ করতে হবে।
ছয় দফা, মহান মুক্তিযুদ্ধ, সকল গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগ সবসময় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়েছে।
শ্রমিক-মালিক সুসম্পর্ক জরুরি তাই ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হয়ে শ্রমিকদের উৎপাদন বাড়ানোর কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, শিল্প বেঁচে থাকলে শ্রমিকের কর্মসংস্থান হবে।
বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কাজ কারো কাছে গ্রহণযোগ্য নয় জানিয়ে এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড যেনো কেউ না করতে পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।