নিজেদের মেধা, উদ্যম ও কর্মস্পৃহার মাধ্যমে আত্ম-কর্মসংস্থানে এগিয়ে আসতে দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইন্সটিটিউটে ‘ইয়ং বাংলা অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তরুণদের হাতে আগামীর বাংলাদেশ উল্লেখ করে জয় বলেন, আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সরকার সব ধরনের সহায়তা দেবে।
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলাতে বাংলাদেশ নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরো বলেন, সরকার তরুণদের দিকে লক্ষ্য দিয়ে, তাদের মাধ্যমেই উন্নত বাংলাদেশ দেখতে চায়। সে লক্ষ্যেই তরুনদেরকে উন্নয়নমুখী কাজে সম্পৃক্ত করতে সরকার এগিয়ে যাচ্ছে।
জয় বলেন, এক সময়ে বাংলাদেশের তরুণ সমাজ ‘জয় বাংলা’ শব্দ উচ্চারণ করতে লজ্জা পেত, ভয় পেত। স্বাধীনতার এ শ্লোগানকে বিকৃত করে তরুণদের বিভ্রান্ত করা হয়েছে।
সে অবস্থা এখন নেই উল্লেখ করে ভবিষ্যতে যাতে ‘জয় বাংলা’ বলতে বাংলাদেশের কোনো মানুষ লজ্জা অথবা ভয় না পায়, সে বিষয়ে তরুণদের সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা।
তরুণদের দেয়া এ সম্মাননা ভবিষ্যতে তাদের কর্মস্পৃহা আরো বাড়িয়ে দেবে বলে মনে করেন সজীব ওয়াজেদ জয়।
এর আগে পড়াশুনার পাশাপাশি কেউ প্রযুক্তিতে, কেউ শিক্ষা, গবেষণা এবং সমাজসেবায় অনুকরণীয় হয়েছেন এমন ৩০ জন তরুণদের হাতে সরকারের পক্ষ থেকে তুলে দেয়া হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৫’।