বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা আজ (রোববার)। এ দিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু তথাগত গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ হয়েছিল।
বৌদ্ধধর্ম মতে, আজ থেকে দুই হাজার ৫৫৭ বছর আগে আজকের দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ (বুদ্ধত্ব লাভ) ও মহাপরিনির্বাণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম দেয়া হয় 'বুদ্ধপূর্ণিমা'।
গৌতম বুদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয়ে উপলব্ধি করেন। মানবজীবনের দুঃখ তার দৃষ্টিগোচর হলে তিনি সম্পদ, ঐশ্বর্য তথা সংসারজীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্য— এ চারটির কারণ উদ্ঘাটন এবং মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন। একসময় রাজপ্রাসাদের বিত্ত-বৈভব, সুখ ও স্বজনের মায়া ত্যাগ করে সিদ্ধিলাভের পন্থা অন্বেষণে বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ ছয় বছর সাধনার পর গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত হন।