মার্ক জুকারবার্গ- ল্যারি পেজদের মতো বাংলাদেশের তরুণরাই ভবিষ্যতের ফেসবুক ও গুগল বানাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার বিসিসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় বলেন, আমার স্বপ্ন আছে, এদেশে আইটি পার্ক, আইটি ওয়ার্ক ফোর্স গড়ে তোলার। মার্ক জাকারবার্গ ১৯ বছর বয়সে ফেইসবুক বানিয়েছিলেন। আমার আশা আছে, তোমাদের মধ্য থেকেও কেউ কেউ ভবিষ্যত ফেইসবুক বা গুগল আবিষ্কার করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই দেশের ছাত্রছাত্রীর হাতে ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরণ শুরু করে। আজ থেকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ শুরু করল।
জয় বলেন, আওয়ামী সরকারের পরিকল্পনাতেই বিগত ছয় বছরে দেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার করা হয়েছে।
শিগগিরই দেশের ১১৮টি বিশ্ববিদ্যালয়ে ঊচ্চক্ষমতা সম্পন্ন ইন্টারনেট দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান জয়।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এক্সিম ব্যাংকের সহযোগিতায় ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ প্রকল্পের প্রথম ধাপে ৫০০ ল্যাপটপ বিতরণ করা হবে।
জয় বলেন, এটা কেবল আরম্ভ। পাঁচশ ল্যাপটপ দিয়ে আমরা কেবল শুরু করছি পর্যায়ক্রমে এটা বাড়ানো হবে।
সাড়ে ৩ বছরে সরকার পাঁচ হাজার ‘ডিজিটাল সেন্টার’ তৈরি করেছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এখন দেশে এমন কোনো ইউনিয়ন নেই যেখানে কম্পিউটার ল্যাব বা ডিজিটাল সেন্টার নাই।
আমরা দেশের ১১৮টি বিশ্ববিদ্যালয়কে ফাইবার অপটিক কেবল দিয়ে সংযুক্ত করতে কাজ করছি— এ বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি ওয়াইফাই জোন করার কাজও দ্রুত গতিতে চলছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের টেলিটকের পক্ষ থেকে একটি করে ইন্টারনেট মডেম ও কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে একটি করে পেন ড্রাইভও দেয়া হয়।
অন্যদের মধ্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।