দেশের মোট জনসংখ্যার ৫০% নারী হলেও, তাদের মধ্যে ৯৬% ভূমির অধিকার থেকে বঞ্চিত—সংবিধানে নারী-পুরুষের সম-অধিকারের কথা বলা হলেও, কোনো সমন্বিত আইন না থাকায় ভূমি অধিকারের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছে।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারীর ভূমি অধিকার ও বঞ্চনা প্রেক্ষিত উত্তরাধিকার আইন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এলআরডি)।
অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। এ সময় বলা হয়, দেশের মাত্র ৪% নারী তাদের ভূমির অধিকার পাচ্ছেন। বাকি ৯৬% নারীই এ অধিকার থেকে বঞ্চিত।
ইন্দোনেশিয়া ও জর্ডানের কথা উল্লেখ করে সেমিনারে বক্তারা বলেন, এ দুটি দেশ ছাড়াও অন্যান্য মুসলিম দেশে উত্তরাধিকার আইন সংশোধন করা হয়েছে।
নারী-পুরুষ যেন সমানভাবে তাদের ভূমির অধিকার পেতে পারে সেজন্য বাংলাদেশেও অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করেন তারা।
এ সময় নারী-পুরুষ সবাইকে সচেতন হয়ে উত্তরাধিকার আইন পরিবর্তনের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়।