পুজিবাজার ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি নির্দিষ্ট সময়ের জন্য কর রেয়াত দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রস্তাব দিয়েছে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের ফোরাম (ইআরএফ)। মঙ্গলবার সকালে রাজধানীতে এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয়া হয়।
এর পাশাপাশি দেশীয় শিল্পকে সুরক্ষার স্বার্থে বিদেশি পণ্য আমদানি নিরুৎসাহিত করে কর কাঠামো তৈরি করার প্রস্তাবও দেয়া হয়।
ধুমপানের স্বাস্থ্যগত ক্ষতির দিক বিবেচনা করে, সকল ধরণের সিগারেটের উপর উচ্চ হারে কর আরোপের সুপারিশ করেন সাংবাদিকরা।
ইআরএফের সভাপতি সুলতান মাহমুদ বাদল বলেন, গত কয়েক বছর ধরে, দেশ থেকে টাকা পাচারের হার আশংকাজনকভাবে বেড়ে গেছে। এমনকি ব্যবসায়ীরাও, এদেশে বিনিয়োগ না করে, বিদেশে বিনিয়োগের সুযোগ খুজছেন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নিতে এনবিআরকে অনুরোধ জানান তিনি।
এ সময় সাংবাদিকদের সকল প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।