শপথ নিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে তিন সিটি করপোরেশনের মোট ১৭৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ১৭৬ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডের ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।
পরে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন আর চট্টগ্রামের মেয়র আ জ ম নাছিরউদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ গ্রহণ শেষে ঢাকার দুই মেয়র নিজেদের নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতায় নতুনভাবে গড়ে তোলা হবে রাজধানীকে।
আর চট্টগ্রামের মেয়র বলেন, নগরবাসীর জলাবদ্ধতা দূর করাই হবে তার প্রথম অগ্রাধিকার।
নগরবাসীর সেবার মান বাড়াতে আর নগরের উন্নয়নে তাদের চেষ্টার কোনো কমতি থাকবে না বলেও জানান তিন নগরপিতাই।