আগামী পাঁচ বছরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে চান ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আনিসুল হক।
বুধবার রাজধানীর গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় নতুন মেয়র বলেন, ‘যে আশা নিয়ে আমরা এ নির্বাচন করেছি , যে প্রতিশ্রুতি দিয়েছে আগামী ৫ বছরের মধ্যে চেষ্টা করবো সেই কাজ গুলো শেষ করতে। আসলে মেয়র একজন নেতা, আমি শুধু উৎসাহী করার কাজ করবো, আমরা চেষ্টা করবো, আমাদের যারা সহকর্মী আছেন তারা নিয়ে এগিয়ে যেতে হবে। এই প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন রকম কথা আছে এগুলো থেকে এ ৫ বছরে বেরিয়ে যেতে চেষ্টা করবো।’
যানজট নিরসন ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রথম দিন অফিস করেছেন ঢাকা উত্তরের সিটির প্রথম মেয়র আনিসুল হক।
নিজের ব্যবসায়িক ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে মেয়র হিসেবে তার মেয়াদের পাঁচ বছরেই নগরীর এ অংশের উন্নয়নের অঙ্গীকারও করেন সাবেক এ ব্যবসায়ী নেতা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণের পর ঢাকা উত্তরের নতুন কাউন্সিলরদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে যান নব নির্বাচিত মেয়র আনিসুল হক। প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তারা।
সেখানেই গাড়ি বহর নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটির নতুন মেয়রকে বরণ করেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনের কাজ শুরু করেন ঢাকা উত্তরের নতুন মেয়র।
কার্যালয়ে প্রথম কর্মদিবসে নিজের অনুভূতির কথা তুলে ধরেন আনিসুল হক।