ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নিষ্কলুষ ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন প্রথম নির্বাচিত মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার সকালে নগর ভবন মিলনায়নে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আগে দক্ষিণে নির্বাচিত কাউন্সিলরদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
এ সময় দক্ষিণ সিটি করপোরেশনকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে শহরবাসীর সহযোগিতাও চান নবনির্বাচিত এ মেয়র।
পরে নতুন নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় শেষে সাঈদ খোকন বলেন, নগর পিতা হিসেবে নয় নগরের সন্তান হিসেবেই সবার জন্য কাজ করে যাবো।
তার সময়কালে বিরোধীদল নিরাপদে থাকবে জানিয়ে দক্ষিণের মেয়র পরিচ্ছন্ন নগরী গড়তে সবার সহযোগিতা চান।
পরে মতবিনিময়ের পর মেয়রের কক্ষে নিজের দায়িত্ব বুঝে নেন নতুন নির্বাচিত মেয়র সাঈদ খোকন।
এর আগে পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে, দায়িত্ব গ্রহণের জন্য প্রথম দিন নগরভবনে যান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা তাকে শুভেচ্ছা জানান।