রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুড়ে মানুষ হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মামলার তদন্তে হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ওই ঘটনায় খালেদা জিয়ার সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযুক্তদের গ্রেপ্তারে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছে গোয়েন্দা পুলিশ—গ্রেপ্তারের আদেশ পেলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান মনিরুল ইসলাম।
অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু ও আমানউল্লা আমানের নাম রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে ২৪ জানুয়ারি রাতে যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ৩০ যাত্রী দগ্ধ হন।
এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। পরদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে এ ঘটনায় মামলা দায়ের করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরে মামলার তদন্ত ভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার চার আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তাদের জবানবন্দি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেয় মহানগর গোয়েন্দা পুলিশ। এতে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। এদের মধ্যে ৭ জন গ্রেপ্তার রয়েছে।