ভারত-বাংলাদেশ স্থলসীমানা চুক্তি কার্যকর কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ কথা বলেন তিনি।
এসময় সীমান্ত চুক্তি নিয়ে এতোদিন যে অপপ্রচার হয়েছে দীর্ঘ ৪০ বছর পর তার অবসান হয়েছে বলেও জানান তিনি।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্যচাহিদা পূরণে সক্ষম হয়েছে বর্তমান সরকার।
প্রধানমন্ত্রী তার ভাষণে কৃষি গবেষণার উপর গুরুত্বরোপ করে কৃষিবিদদের এ বিষয়ে আরো মনোনিবেশ করতে আহ্বান জানান।
ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তিতে বিশাল জায়গা পাওয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ।
বিগত সরকারের আমলে এ বিষয়ে কেউ উদ্যোগ না নেয়ার তীব্র সমালোচনা করেন তিনি।
ব্রিটিশ পার্লামন্টে এমপি পদে বাংলাদেশি বৎশোদ্ভূত তিন নারী নির্বাচিত হওয়ায় তাদের উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের হলগুলো হলো: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ইলা মিত্র হল, শহীদ তাজউদ্দিন আহমদ হল ও ড. এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগার। আরো রয়েছে কবি সুফিয়া কামাল অডিটরিয়ামসহ ১৩টি স্থাপনা।
সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব উদ্বোধন করেন।
এ সময় তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নির্মিত কয়েকটি হল ও গবেষণা কেন্দ্র উদ্বোধন করেন। এ উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। আনন্দ উচ্ছ্বাস ও জাঁকজমক আয়োজনে প্রধানমন্ত্রীকে বরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু হয়েছে।
গাজীপুরের বিশেষায়িত কৃষি শিক্ষায়তন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ উদযাপিত করছে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।