থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে শঙ্খলা প্রদেশের পাবর্ত্য এলাকার গভীর জঙ্গল থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে দেখা করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম।
থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার শঙ্খলার সাদাও জেলায় গিয়ে ওই বাংলাদেশিদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত।
বিবৃতিতে আরো বলা হয়, একই দিন রাষ্ট্রদূত এবং তার সফরসঙ্গীরা রাত্তাফুম জেলায় অভিবাসীদের রাখার একটি প্রোটেকশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশি দাবিদার ১৫ জনের সঙ্গে কথা বলেন তারা।
রাষ্ট্রদূত সেখানকার প্রশাসনিক কর্মকর্তাদের নিশ্চিত করেন, বাংলাদেশ সরকার মানব পাচারসহ এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধে সম্ভাব্য সকল কঠোর পদক্ষেপ নেবে।
এর আগে শুক্রবার ৯১ বাংলাদেশিসহ ১১৭ জন এবং এরপর শনিবার আরো ৩২ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। রাত্তাফুমের পাহাড়ি জঙ্গলে ক্ষাধার্ত ও ক্লান্ত অবস্থায় তাদের পাওয়া যায়।