রাজধানীকে ঢেলে সাজাতে ও বাসযোগ্য নগরী গড়তে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র।
একই সঙ্গে ঢাকার উন্নয়নে অবকাঠামো খাতে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এফবিসিসিআই-এর উদ্যোগে দুই মেয়রকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
আগামী তিন বছরের মধ্যে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন দুজনেই।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যানজট, পানি সমস্যা, পয়নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, বাজারগুলোর পরিচ্ছন্নতা, চাঁদাবাজি বন্ধসহ নগরীর বিভিন্ন সমস্যা নতুন মেয়রদের কাছে তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, তার করপোরেশনের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বলেন, নগর ভবনকে রাজনীতির ঊর্ধ্বে রাখা হবে।
ঢাকাকে তিলোত্তমা হিসেবে না হলেও সুন্দর নগরীতে পরিণত করারও প্রতিশ্রুতি দেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
নগর ভবন ও নগরীকে ঢেলে সাজাতে ব্যবসায়ীদের সহযোগিতা চান দুজন মেয়রই।