সংবিধানের ষোড়শ সংশোধনীর আলোকে ‘অসদাচরণ বা অসামর্থ্যের কারণে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত আইনের খসড়া’ প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আসন্ন বাজেট অধিবেশনেই এটি বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচারকদের একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
দেশের সাধারণ বিচারপ্রার্থীদের বিচার পেতে যেন কোন হয়রানির শিকার না হতে হয়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে বিচারকদের প্রতি আহবান জানান মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, বিচারপতিদের অপসারণ সংক্রান্ত আইনের খসড়া প্রায় সম্পন্ন করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে এটি সংসদের আসন্ন বাজেট অধিবেশনেই তোলা হবে বলে জানান তিনি।
আইনটি পাশ হলে বিচারপতিদের স্বাধীনতা কোনভাবেই ক্ষুণ্ণ হবেনা বলেও জানান আনিসুল হক।