নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দীনের সন্ধান পাওয়ায় প্রমাণিত হয়েছে বিএনপি মিথ্যাচারের রাজনীতি করে মন্তব্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের।
মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করাই বিএনপির অভ্যাস বলেও জানান তিনি।
নাসিম বলেন, ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি বিল পাসের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না জানিয়ে হীনমন্যতার পরিচয় দিয়েছেন।
বিলটি পাসের পর ভারতের বিরোধীদলগুলোর যে ভূমিকা ছিলো তা থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি বিল পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্বর্ধনা দেয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না জানিয়ে দেশের মানুষকে ছোট করেছেন।
এ সময় আওয়ামী লীগ নেতারা রোববার ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন।
এর আগে এ সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ১৪ দল নেতারা।